ঢাকা, শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

‘ইত্যাদি’ এবার চুয়াডাঙ্গায়

ads

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়। মঞ্চ নির্মাণ করা হয়েছিল ব্রিটিশ আমলে তৈরি প্রাচীন হাজারদুয়ারি নামে খ্যাত ‘নাটুদা মাধ্যমিক বিদ্যালয়’ প্রাঙ্গণে।


এবারের পর্বে গান রয়েছে দুটি। একটি গেয়েছেন চুয়াডাঙ্গার সন্তান লোকসংগীত শিল্পী বিউটি ও পান্থ কানাই। চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাঁথা নিয়ে থাকছে শাহ আলম সনির কথায় একটি পরিচিতিমূলক গানের সঙ্গে নৃত্য। গানটির সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী। পরিবেশন করেছেন স্থানীয় নৃত্যশিল্পীরা।


এবারের পর্বেও রয়েছে অচেনা-অজানা বিষয় ও তথ্যভিত্তিক শিক্ষামূলক কয়েকটি অনবদ্য প্রতিবেদন। রয়েছে চুয়াডাঙ্গা জেলার ইতিহাস-ঐতিহ্যসহ এর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান-স্থাপনার ওপর একটি তথ্যভিত্তিক প্রতিবেদন। এই অঞ্চল ঘিরে থাকছে দর্শক পর্ব। নির্বাচিত দর্শকদের দিয়ে চিঠি ও রেললাইন নিয়ে বহুশ্রুত হৃদয়ছোঁয়া কয়েকটি উপভোগ্য গান। ‘ইত্যাদি’র নিয়মিত আয়োজন চিঠিপত্র পর্বে উঠে এসেছে চুয়াডাঙ্গার একজন ব্যতিক্রমী ছড়াকারের গল্প। এ ছাড়া রয়েছে বেশ কিছু সামাজিক অসঙ্গতি নির্ভর তির্যক নাট্যাংশ। দানের নামে ফটোসেশন, সংসারের ভারে স্বপ্নভঙ্গ, মিষ্টি নিয়ে অনাসৃষ্টি, ইংরেজির দাপটে অসহায় বাংলা ভাষা, বোঝা না বোঝার বোঝা, স্টাইলিশ আইকনের বিপত্তি, বিজ্ঞাপন যন্ত্রণা, ভালো মন্দের দ্বন্দ্ব, লোম বাছতে কম্বল উজাড়সহ বেশ কয়েকটি নাট্যাংশ।


এবারের ‘ইত্যাদি’তে উল্লেখযোগ্য শিল্পীরা হলেন সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, আমিন আজাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, তারিক স্বপন, সুর্বণা মজুমদার, আবু হেনা রনি, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুলসহ অনেকে।


আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার-রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হবে ‘ইত্যাদি’। যথারীতি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

ads
ads
ads

Our Facebook Page